শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ শহরের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় ৯৮ বছরের ঐতিহ্য বহনকারী জোৎস্নাময়ী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়-এর উন্নয়নে এগিয়ে এল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে ৫০,০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সম্প্রতি এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পুরনিগমের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। পুরনিগম সূত্রে জানা গিয়েছে,শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সহযোগিতা করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত করা এবং প্রয়োজনীয় মেরামতি বা ছোটখাটো উন্নয়নমূলক কাজে এই অর্থ ব্যয় করা হবে বলে জানা গেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিনের পুরনো ভবন ও পরিকাঠামোর রক্ষণাবেক্ষণে এই আর্থিক সহায়তা যথেষ্ট সহায়ক হবে। তাঁরা পুরনিগমের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শিক্ষার মানোন্নয়ন ও ছাত্রীদের সার্বিক বিকাশে স্থানীয় প্রশাসনের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ।
পুরনিগমের তরফে জানানো হয়েছে, শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। শিক্ষা ক্ষেত্রকে শক্তিশালী করাই মূল লক্ষ্য।





