আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফলতায় লাঠিচার্জের অভিযোগে উত্তেজনা, মহিলা ভোটারদের মারধরের দাবি তৃণমূলের

Published on: April 29, 2026
---Advertisement---

দক্ষিণ ২৪ পরগনা, ২৯ এপ্রিলঃ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে উত্তেজনা ছড়াল লাঠিচার্জের অভিযোগকে ঘিরে। বুধবার ফলতা-২ গ্রাম পঞ্চায়েতের বেলসিংহা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত একটি বুথের সামনে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের দাবি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাধারণ ভোটারদের উপর, বিশেষ করে মহিলাদের লক্ষ্য করে লাঠিচার্জ চালিয়েছে।

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বুথের সামনে কিছু গ্রামবাসী জড়ো হয়েছিলেন। অভিযোগ, সেই জমায়েত সরাতে গিয়ে জওয়ানরা লাঠি উঁচিয়ে তেড়ে যান। আতঙ্কে ছত্রভঙ্গ হতে গিয়ে কয়েকজন মহিলা রাস্তায় পড়ে যান। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, মহিলাদের উপর ইচ্ছাকৃতভাবে লাঠিপেটা করা হয়েছে।

এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র অনির্বাণ ব্যানার্জী বলেন, “নিরাপত্তা দেওয়ার নামে সাধারণ মানুষকে নৃশংসভাবে লাঠিপেটা করা হচ্ছে। বিশেষ করে মহিলা ভোটারদের উপর যে আচরণ করা হয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।” তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেন।

তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, সংশ্লিষ্ট বুথের ১০০ মিটারের মধ্যে জমায়েত হয়েছিল, যা নির্বাচনী বিধি বিরুদ্ধ। বহুবার সতর্ক করার পরেও ভিড় না সরায় কেন্দ্রীয় বাহিনী পদক্ষেপ নিতে বাধ্য হয় বলে সূত্রের দাবি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ফলতা কেন্দ্র রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে। তৃণমূল প্রার্থী জাহাঙ্গির শেখের এলাকা ঘিরে উত্তেজনা ছিল আগেই। পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল শাসকদল।

এই নতুন ঘটনার পর ফের একবার নির্বাচন প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment