দক্ষিণ ২৪ পরগনা, ২৮ এপ্রিলঃ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্র ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। মঙ্গলবার বিক্ষোভ ও জমায়েতের ঘটনায় আপাতত সরাসরি হস্তক্ষেপ করছে না নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, পুলিশ পর্যবেক্ষক চাইলে নিজে থেকেই কমিশনকে রিপোর্ট দিতে পারেন, তবে এখনই তাঁর কাছে কোনও রিপোর্ট চাওয়া হয়নি।
বুধবার ১৪২টি আসনে ভোটগ্রহণের আগে রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়িয়েছে প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ টহল এবং রুটমার্চ চলছে। এর মধ্যেই ফলতা-তে পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা-র উপস্থিতিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে।
সূত্রের খবর, সোমবার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে তাঁর ঘনিষ্ঠদের সতর্ক করেন অজয়পাল শর্মা। ভোটারদের হুমকি দেওয়া হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গির। তাঁর দাবি, অযথা তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।
মঙ্গলবার আবার রুটমার্চ চলাকালীন জাহাঙ্গির ও তাঁর সমর্থকরা পুলিশ পর্যবেক্ষকের কনভয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান তোলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। তৃণমূল প্রার্থীর অভিযোগ, সাধারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছে এবং পুলিশ পর্যবেক্ষক বিজেপির প্রভাবেই কাজ করছেন।
অন্যদিকে নির্বাচন কমিশনের অবস্থান আপাতত পর্যবেক্ষণমূলক। সিইও মনোজ কুমার আগরওয়াল জানান, সংশ্লিষ্ট ঘটনার রিপোর্ট যদি জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) বা পুলিশের তরফে আসে, তাহলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে এই মুহূর্তে কোনও রিপোর্ট চাওয়া হয়নি।
ভোটের আগের দিন ফলতা কেন্দ্রের এই পরিস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন, যাতে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।





