হাওড়া, ২৯ এপ্রিলঃ হাওড়ার বালি বিধানসভার লিলুয়ায় ভোটের দিন ইভিএম বিভ্রাটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। সোহনলাল দেওরালিয়া বালিকা বিদ্যালয়ের ১৫১, ১৫২ ও ১৫৩ নম্বর বুথে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। এর জেরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ভোট দিতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ ভোটাররা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইভিএম মেশিনে ত্রুটি দেখা দেওয়ায় ভোট প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ থাকে। এতে ক্ষুব্ধ ভোটাররা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কাছে প্রতিবাদ জানাতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে।
ঘটনাস্থলে এক ব্যক্তিকে চ্যাংদোলা করে পুলিশ গাড়িতে তুলতে দেখা যায়, যা ঘিরে আরও চাঞ্চল্য ছড়ায়।
এছাড়াও অভিযোগ উঠেছে, কিছু ভোটার বাংলা ভাষায় কথা বলায় তাঁদের উপর আরও বেশি রূঢ় আচরণ করা হয়। যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়।





