উত্তর ২৪ পরগনা, ২৯ এপ্রিলঃ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের দিন কামারহাটিতে বুথ পরিদর্শন করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। ঘটনাটি ঘটে কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৭৩ নম্বর বুথে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুথে প্রবেশ করার সময় কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মদন মিত্রের পরিচয়পত্র দেখতে চান। তখন তিনি জানান, তাঁর আইডি কার্ড গাড়িতে নিরাপত্তারক্ষীর কাছে রয়েছে। এই নিয়েই শুরু হয় তর্কাতর্কি।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন মদন মিত্র পাল্টা জওয়ানদের পরিচয়পত্র দেখতে চান। একইসঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীকে বুথের ভিতরে ঢুকতে দেওয়া না হলে বিতর্ক চরমে পৌঁছয়। নিরাপত্তারক্ষী প্রশ্ন তোলেন, কেন তিনি দেহরক্ষী হিসেবে ভিতরে প্রবেশ করতে পারবেন না।
এই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তাঁর বচসা হয়। এক পর্যায়ে নিরাপত্তারক্ষীকে বলতে শোনা যায়, “আমাদের সরকারি পরিচয়পত্র রয়েছে, আপনারা বাইরে থেকে এসেছেন।” এর জবাবে জওয়ানরা জানান, “আমরাও ভারতীয়, বাইরে থেকে এসেছি বলা ঠিক নয়।”
ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য বুথের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভোটের দিন এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।





