কোচবিহার, ৩০ এপ্রিলঃ কয়েকদিনের টানা বৃষ্টিতে কোচবিহারের ফাঁসিরঘাট এলাকায় নদীর জল বেড়ে যাওয়ায় ডুবে গেছে অস্থায়ী বাঁশের সাঁকোর একটি বড় অংশ। ফলে বিপাকে পড়েছেন প্রতিদিন যাতায়াত করা হাজার হাজার মানুষ। এই সাঁকোটিই ছিল এলাকার প্রধান যোগাযোগের ভরসা, আর সেটি ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীদের দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এখানে একটি স্থায়ী সেতুর দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বৃষ্টির জেরে সাঁকোটি মাঝখান থেকে জলে তলিয়ে যাওয়ায় অনেকে না জেনে সেখানে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষের সমস্যাই সবচেয়ে বেশি।
এলাকার মানুষের দাবি, দ্রুত অস্থায়ী সাঁকোর সংস্কার এবং স্থায়ী সেতু নির্মাণে প্রশাসন যেন তৎপর হয়, নাহলে এই ভোগান্তি আরও বাড়বে।





