খবরিয়া ২৪ ডেস্ক, ১ মার্চঃ চার মাসেরও বেশি সময় ধরে চলা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR) ঘিরে বিতর্ক থামছেই না। স্বপক্ষে-বিপক্ষে তর্ক, রাজনৈতিক টানাপোড়েন এবং আদালত পর্যন্ত গড়ানো আইনি লড়াইয়ের পর অবশেষে প্রকাশিত হয়েছে ‘অর্ধসমাপ্ত’ চূড়ান্ত ভোটার তালিকা। আর সেই তালিকাতেই সামনে এল বড়সড় গরমিল। ভোটার তালিকা থেকে বাদ পড়েছে খোদ জলপাইগুড়ির ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর নাম।
প্রসেনজিৎ কুণ্ডু বর্তমানে ময়নাগুড়ি-তে ব্লক ডেভলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত। তিনি আলিপুরদুয়ার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আলিপুরদুয়ার বিধানসভার ভোটার। প্রায় দু’বছর ধরে দায়িত্বে থাকা এই আধিকারিক বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং এইআরও-র ভূমিকাও পালন করেছেন। অথচ চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, তাঁর নামই ভোটার তালিকা থেকে বাদ গেছে। ঘটনায় হতবাক প্রশাসনিক মহল। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি তিনি।
আলিপুরদুয়ারের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থপ্রতিম ঘোষ বলেন, এত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থাকা ব্যক্তির নাম বাদ পড়া অত্যন্ত উদ্বেগজনক। তাঁর মতে, তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করার ফলেই এমন অসঙ্গতি সামনে আসছে।
উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া শুরু হয় ২৭ অক্টোবর ২০২৫-এ। তখন রাজ্যে মোট ভোটার ছিলেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। খসড়া তালিকায় বাদ যায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ০৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। ফর্ম ৭-এর মাধ্যমে বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অন্যদিকে ফর্ম ৬ ও ৬-এ-তে যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন এবং ফর্ম ৮-এ সংশোধন হয়েছে ৬ হাজার ৬৭১ জনের। এই ঘটনার পর এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।





