কলকাতা, ১৮ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের প্রথম দফাকে ঘিরে সামনে এল চমকপ্রদ তথ্য। মোট ১৫২টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করা ১৪৭৫ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, তাঁদের মধ্যে ১৪ জন প্রার্থী সম্পূর্ণ নিরক্ষর। শুধু তাই নয়, আরও ২৯ জন প্রার্থী কেবলমাত্র স্বাক্ষর করতে পারেন, অর্থাৎ নাম সই করা ছাড়া তাঁদের কোনও শিক্ষাগত দক্ষতা নেই।
এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। পশ্চিমবঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ এবং গণতান্ত্রিক সংস্কার সমিতি-এর যৌথ বিশ্লেষণে উঠে এসেছে এই পরিসংখ্যান।
তথ্য অনুযায়ী, প্রার্থীদের মধ্যে পঞ্চম শ্রেণি পাশ করেছেন ৩২ জন এবং অষ্টম শ্রেণি পাশ ১৮০ জন। অন্যদিকে, মাধ্যমিক বা দশম শ্রেণি উত্তীর্ণ প্রার্থী রয়েছেন ২৪৬ জন। তবে উচ্চশিক্ষিত প্রার্থীর সংখ্যাও কম নয়। স্নাতক প্রার্থী রয়েছেন ৩৬১ জন, স্নাতকোত্তর ২২৫ জন এবং ডক্টরেট ডিগ্রিধারী প্রার্থী রয়েছেন ২০ জন।
বয়সের ভিত্তিতেও বৈচিত্র্য চোখে পড়েছে। ২৫ থেকে ৩০ বছর বয়সি প্রার্থী রয়েছেন ১০৩ জন, ৩১-৪০ বয়সসীমায় ৩৪৭ জন এবং ৪১-৫০ বছর বয়সি প্রার্থী সর্বাধিক, সংখ্যা ৪৫৩। প্রবীণ প্রার্থীদের মধ্যে ৭১-৮০ বছর বয়সি ৪৯ জন এবং ৮১-৮৫ বছর বয়সি রয়েছেন ২ জন।
লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পুরুষ প্রার্থী ১৩০৮ জন এবং মহিলা প্রার্থী ১৬৭ জন। পাশাপাশি ৪৬৬ জন নির্দল প্রার্থীও এই দফায় লড়াইয়ে নেমেছেন।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রতি নির্বাচনের মতো এবারও প্রশ্ন উঠেছে। অনেকের মতে, জনপ্রতিনিধিদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা প্রয়োজন। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও নির্দিষ্ট নিয়ম চালু হয়নি। ভোটারদের সচেতন করতে প্রার্থীদের হলফনামার তথ্য ভোটকেন্দ্রের বাইরে প্রদর্শনের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।





