অসম, ৩০ এপ্রিলঃ কংগ্রেস নেতা পবন খেরা-র আগাম জামিনের আবেদনে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র স্ত্রী রিনিকি ভুইয়ান শর্মা-র অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআর ঘিরেই এই আইনি জটিলতা তৈরি হয়েছে।
জানা গিয়েছে, গুয়াহাটি হাই কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন পবন খেরা। তাঁর পক্ষে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি যুক্তি দেন, খেরাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনও প্রয়োজন নেই। তিনি আদালতে প্রশ্ন তোলেন, “হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে অপমান করার প্রয়োজনীয়তা কী?” পাশাপাশি তাঁর দাবি, খেরা একজন জনসম্মুখে পরিচিত ব্যক্তি, তাই তাঁর পলাতক হওয়ার সম্ভাবনা নেই এবং তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।
উল্লেখ্য, গ্রেপ্তারির আশঙ্কায় পবন খেরা প্রথমে তেলেঙ্গানা হাইকোর্ট-এর দ্বারস্থ হন। গত ১০ এপ্রিল সেই আদালত তাঁকে এক সপ্তাহের ট্রানজিট জামিন দেয়। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় অসম সরকার। শীর্ষ আদালত সেই ট্রানজিট জামিনে স্থগিতাদেশ জারি করে এবং খেরার আবেদন খারিজ করে দেয়। এরপরই তিনি স্পেশাল লিভ পিটিশন দাখিল করে আগাম জামিনের আবেদন জানান।
মামলার সূত্রপাত হয় পবন খেরার এক প্রকাশ্য মন্তব্যকে কেন্দ্র করে। তিনি অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি ভুঁইয়ার একাধিক বিদেশি পাসপোর্ট এবং বিদেশে সম্পত্তি রয়েছে। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন রিনিকি ভুঁইয়া এবং মুখ্যমন্ত্রী নিজেও। এরপরই মানহানির মামলা দায়ের করা হয় এবং সেই ভিত্তিতেই এফআইআর নথিভুক্ত হয়।
এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। আগাম জামিন মঞ্জুর হবে কি না, তা নির্ভর করছে শীর্ষ আদালতের পরবর্তী সিদ্ধান্তের উপর।





