কলকাতা, ২২ এপ্রিলঃ প্রথম দফার নির্বাচনের আগে কড়া নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। এবার সরাসরি প্রার্থীদের গতিবিধিতে রাশ টানা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোট প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও প্রার্থীই নিজের বিধানসভা এলাকা ছাড়তে পারবেন না।
জানা গিয়েছে, ভোটের দিন সকাল ৬টা থেকে ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। অর্থাৎ ভোট চলাকালীন সময়ে প্রতিটি প্রার্থীকে নিজ নিজ বিধানসভা এলাকাতেই অবস্থান করতে হবে। কোনও রকম বিশৃঙ্খলা বা গোলমালে জড়ানো থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখতে এবারে একাধিক নজিরবিহীন পদক্ষেপ করেছে কমিশন। রাজ্যজুড়ে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, প্রশাসনিক স্তরে রদবদল, এমনকি বাইক চালানোয় নিষেধাজ্ঞা সব মিলিয়ে কড়াকড়ি তুঙ্গে। সেই তালিকায় এবার যুক্ত হল প্রার্থীদের চলাফেরার উপর নিয়ন্ত্রণ।
অন্যদিকে, মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নিয়ম অনুযায়ী, যেখানে ভোট রয়েছে সেই এলাকায় ভোটের ৪৮ ঘণ্টা আগে মদের দোকান বন্ধ রাখার কথা। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে, কলকাতা-সহ গোটা রাজ্যেই মদের দোকান বন্ধ রাখা হয়েছে।
এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল নিজেই বিস্ময় প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই নির্দেশ তাঁর দফতর থেকে জারি হয়নি এবং বিষয়টি নিয়ে তিনি এক্সাইজ কমিশনারের সঙ্গে কথা বলবেন।
সব মিলিয়ে, ভোটের আগে প্রশাসনিক কড়াকড়ি যেমন বাড়ছে, তেমনই কিছু সিদ্ধান্ত ঘিরে তৈরি হচ্ছে নতুন প্রশ্নও।





