শীতলকুচি, ২৫ মার্চঃ নির্বাচন প্রাক্কালে কড়া নজরদারির মধ্যেই বড় অঙ্কের নগদ অর্থ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শীতলকুচি এলাকায়। বুধবার সকালে শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নয়াবাজার সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি চারচাকার ছোট গাড়ি থেকে প্রায় ১৭ লক্ষ টাকা উদ্ধার করেন কর্তব্যরত প্রশাসনিক আধিকারিকরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একটি লাল রঙের চারচাকার ছোট গাড়িতে করে এক ঠিকাদারি সংস্থার ম্যানেজার এবং গাড়িচালক গোসাইরহাট এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে সীতাইয়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় নিয়মিত নাকা চেকিংয়ের মুখে পড়তেই গাড়িটিকে আটকানো হয়। এরপর তল্লাশি চালাতেই একটি ব্যাগের ভিতর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়।
প্রাথমিকভাবে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ১৭ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। নির্বাচনকালীন কঠোর বিধিনিষেধ মেনে চলার নির্দেশ থাকায় এবং বৈধ নথিপত্র দেখাতে না পারায় নির্বাচন কমিশনের নির্দেশে সম্পূর্ণ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।
গাড়িতে থাকা ঠিকাদারি সংস্থার ম্যানেজারের দাবি, শ্রমিকদের মজুরি দেওয়ার জন্যই ওই টাকা ধার নিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের সময় এত বিপুল পরিমাণ নগদ বহনের ক্ষেত্রে নির্দিষ্ট নথি থাকা বাধ্যতামূলক।
এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন সূত্রে খবর, ভোটকে সামনে রেখে গোটা জেলাজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে। যাতে অবৈধ অর্থ বা প্রভাব খাটানোর কোনও সুযোগ না থাকে, তা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ বলে মনে করছে প্রশাসনের একাংশ।





