খবরিয়া ২৪ ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির মাটিগাড়া বাজার এলাকা থেকে চুরি যাওয়া একটি মোটরবাইক উদ্ধার করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনার সঙ্গে জড়িত আরও এক অভিযুক্ত এখনও পলাতক থাকায় তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পাল পাড়ার বাসিন্দা মিঠুন রায়ের মোটরবাইকটি গত ৭ অক্টোবর ২০২৫ মাটিগাড়া বাজার এলাকা থেকে চুরি যায়। পরদিন, ৮ অক্টোবর তিনি মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। ঘটনার সূত্র খুঁজতে একাধিক সোর্স ও ইনফরমারকে সক্রিয় করা হয়।
তদন্তের সূত্র ধরে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লায়লাগজ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে মোহাম্মদ শারীফ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গী কাদের আলাম পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশের দাবি, ধৃত মোহাম্মদ শারীফ ও পলাতক কাদের আলাম যৌথভাবে মোটরবাইকটি চুরি করেছিল। পরে আবার লায়লাগজ এলাকায় অভিযান চালিয়ে কাদের আলামের বাড়ি থেকে চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া মোটরবাইক এবং ধৃত অভিযুক্তকে মাটিগাড়া থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।
বর্তমানে পলাতক অভিযুক্ত কাদের আলামের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে মাটিগাড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।





