কলকাতা, ১ এপ্রিলঃ ফর্ম ৬ জমা নিয়ে রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত। মঙ্গলবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সকাল থেকেও সিইও দপ্তরের সামনে চাপা উত্তেজনা বজায় রইল। এদিন সকাল থেকেই তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা দপ্তরের সামনে অবস্থান ও বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, গোটা এলাকা ব্যারিকেড করে রাখা হয়েছে।
তৃণমূলের অভিযোগ, এক ব্যক্তি ব্যাগভর্তি ফর্ম ৬ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে প্রবেশ করেন। এই ঘটনায় ভারতীয় জনতা পার্টি কর্মীদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছে। মঙ্গলবারও এই ইস্যুতে সিইও দপ্তরের সামনে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য। দুই পক্ষের মধ্যে বচসা চরমে উঠলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ, মঙ্গলবার গভীর রাতেও তৃণমূল কর্মী-সমর্থকরা দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরে পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপে তাঁরা কিছুটা দূরে সরে যান। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের নির্বাচন কমিশন কড়া বার্তা দিয়েছে। তাদের বক্তব্য, “এমন অসামাজিক কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর।”
এদিকে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সিইও মনোজ আগরওয়াল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা-র মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। পরবর্তীতে পুলিশ কমিশনার হেয়ার স্ট্রিট থানার আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।





