দক্ষিণ ২৪ পরগনা, ২৮ এপ্রিলঃ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ভোটের আগেই উত্তেজনা চরমে। মঙ্গলবার সকালেই পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা-র কনভয় ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা। ফলতা-র বিভিন্ন এলাকায় রুটমার্চের সময় ‘গো ব্যাক’ ও ‘জয় বাংলা’ স্লোগানে সরব হন তাঁরা। নেতৃত্বে ছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান।
সূত্রের খবর, সোমবার জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে তাঁকে ‘সাবধান’ থাকার হুঁশিয়ারি দেন পুলিশ পর্যবেক্ষক। সেই ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল তৃণমূল শিবির। মঙ্গলবার রুটমার্চ চলাকালীন খানপাড়া এলাকায় জাহাঙ্গিরের দলীয় কার্যালয়ের পাশ দিয়ে কনভয় যাওয়ার সময় বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কনভয়ের পিছনের কয়েকটি গাড়ি সাময়িকভাবে আটকে পড়ে।
তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের অভিযোগ, কোনও কারণ ছাড়াই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। তাঁরকথায়, “সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। পুলিশ পর্যবেক্ষক বিজেপির হয়ে কাজ করছেন।” তিনি আরও দাবি করেন, ভোটারদের মধ্যে অযথা আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে।
অন্যদিকে বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের মুখপাত্রদের দাবি, আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিষয়টি নির্বাচন কমিশনই বিচার করবে।
ভোটের আগের এই ঘটনাকে কেন্দ্র করে ফলতায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।





