শীতলকুচি, ৭ এপ্রিলঃ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে শীতলকুচি বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচারে নেমেছে বামফ্রন্ট। সেই আবহেই মঙ্গলবার শীতলকুচি সুপার মার্কেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হল এক নির্বাচনী সভা। বামফ্রন্ট মনোনীত প্রার্থী নমদীপ্তি অধিকারীর সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম।
সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক সেলিম ‘শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর’ ডাক দেন। তিনি বলেন, বামফ্রন্ট ক্ষমতায় এলে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনা হবে এবং প্রতি বছর নিয়মিত এসএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে। পাশাপাশি বেকার সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাসও দেন তিনি।
এদিনের সভা থেকে তিনি কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস উভয়ই সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও দুর্নীতির ইস্যু তুলে ধরে তিনি বলেন, এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে বিকল্প শক্তি হিসেবে বামফ্রন্টকেই এগিয়ে আনতে হবে।
সেলিমের বক্তব্যে স্পষ্ট, এবারের নির্বাচনে বামফ্রন্ট নিজেদের পুনরুত্থানের লক্ষ্যেই লড়াইয়ে নামছে। তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানান, “এই লড়াই শুধু ভোটের নয়, মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াই।”
সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মঞ্চের সামনে ভিড় এবং স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। রাজনৈতিক মহলের মতে, নির্বাচন যত এগিয়ে আসছে, ততই শীতলকুচিতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।সব মিলিয়ে, বামফ্রন্টের এই সভা থেকে স্পষ্ট বার্তা মিলেছে রাজ্যের রাজনৈতিক ময়দানে ফের নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে মরিয়া বামেরা।





