কলকাতা, ২২ এপ্রিলঃ রাজ্যে ভোটপর্ব শেষ হলেই প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের গণনা সম্পন্ন হওয়ার পরই দ্রুত ফলপ্রকাশের পথে হাঁটছে শিক্ষা দফতর। সূত্রের খবর, ওই সপ্তাহের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শেষ হবে এবং তার পরপরই পরীক্ষার ফল ঘোষণা করা হবে।
ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ফলপ্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়েছে। জানানো হয়েছে, আগামী ১৪ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। পাশাপাশি, সংশ্লিষ্ট স্কুল থেকেও মার্কশিট সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, যাতে ফলপ্রকাশের দিন কোনও রকম প্রযুক্তিগত সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার ফলও একই সময়ের মধ্যেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। যদিও তার নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি, তবে উচ্চমাধ্যমিকের আগে বা পরে অল্প সময়ের ব্যবধানে তা প্রকাশ করা হতে পারে।
ভোটের কারণে কিছুটা দেরি হলেও, নির্ধারিত সময়ের মধ্যেই ফলপ্রকাশ করতে বদ্ধপরিকর শিক্ষা দফতর। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর স্বস্তির মুখ দেখতে চলেছেন রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। এখন ফল ঘোষণার দিনক্ষণ ঘিরে উত্তেজনা তুঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে।





