খবরিয়া ২৪ ডেস্ক, ২৪ ফেব্রুয়ারিঃ লখনউয়ে বিজেপি বিধায়ক রাজেশ্বর সিংয়ের এক কর্মসূচিতে যোগ দিতে সম্প্রতি উত্তরপ্রদেশে গিয়েছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। জানা গিয়েছে,সরোজিনী নগরকে ‘সুজলা-সুফলা’ করে গড়ে তোলার যৌথ উদ্যোগে শামিল হয়েছেন তিনি। সেই সূত্রেই লখনউয়ে একটি রোড শো করেন অভিনেতা। তবে কর্মসূচি শেষের পর সরাসরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে তাঁর উপস্থিতি ঘিরেই জল্পনা শুরু হয়েছে।
যোগীর সঙ্গে করমর্দনের ছবি নিজেই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন সঞ্জয় দত্ত। পোস্টে তিনি লেখেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগল এবং ইতিবাচক ভাবনার আদানপ্রদান হয়েছে। তবে এই পোস্ট সামনে আসতেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
২০০৯ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটে লখনউ কেন্দ্র থেকে লড়ার কথা ছিল সঞ্জয় দত্তের। যদিও আইনি জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। প্রায় দু’দশক পর গেরুয়া উত্তরীয় পরে যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ ঘিরে তাই নতুন করে রাজনৈতিক অভিসন্ধির জল্পনা ছড়িয়েছে। নেটমাধ্যমে অনেকে প্রশ্ন তুলছেন, কংগ্রেস সমর্থক পরিবারে বেড়ে ওঠা সঞ্জয় দত্ত কি এবার বিজেপির হাত ধরে রাজনৈতিক কেরিয়ার শুরু করতে চলেছেন? কেউ আবার কৌতূহল প্রকাশ করেছেন, তিনি কি রাজ্যসভার সম্ভাব্য প্রার্থী?
উল্লেখ্য, সঞ্জয় দত্তের পরিবার দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত। তাঁর বাবা সুনীল দত্ত ছিলেন পাঁচবারের কংগ্রেস সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী। বোন প্রিয়া দত্তও কংগ্রেসের সাংসদ ছিলেন। অতীতে বোনের হয়ে নির্বাচনী প্রচারেও অংশ নিয়েছিলেন সঞ্জয়।
তবে অভিনেতার ঘনিষ্ঠ মহল এই সাক্ষাৎকে নিছক সৌজন্য বলেই দাবি করেছে। তবুও রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন থামছে না সঞ্জয় দত্ত কি তবে নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে পা বাড়াচ্ছেন? নজর এখন সেদিকেই।





