নয়াদিল্লি, ২৪ জুলাইঃ মাথায় সাদা হুড, সামনে পুলিশের ভ্যান। ভিতরে তোলা হচ্ছে আন্দোলনকারীদের। সেই সময় একাই ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েন এক তরুণী। তাঁর বাধার মুখে শেষ পর্যন্ত কয়েক জন বিক্ষোভকারীকে ছেড়ে দেয় পুলিশ এমন দাবিতে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে এখন তুমুল আলোচনা। ভিডিওটি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী)-র সাংসদ সঞ্জয় রাউত। তারপর থেকেই প্রশ্ন, কে এই তরুণী?
জানা গিয়েছে, তাঁর নাম রিয়া আহির। বয়স ২৭। পেশায় অভিনেত্রী ও মডেল। সমাজমাধ্যমে তাঁর লক্ষাধিক অনুগামী রয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, রিয়ার বাবা ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-র কর্মী ছিলেন। পরিবারের আরও কয়েক জন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত।
সংবাদমাধ্যমকে রিয়া জানিয়েছেন, তিনি দেখেন একটি পুলিশ ভ্যানে গাদাগাদি করে আন্দোলনকারীদের তোলা হচ্ছে। তাঁর কথায়, ‘‘আমি এক তরুণীকে ভ্যান থেকে নামানোর চেষ্টা করেছিলাম। পুলিশ বাধা দেয়। তখন আমি গাড়ির সামনে গিয়ে দাঁড়াই এবং ওদের ছেড়ে দেওয়ার দাবি জানাই।’’ পরে আরও কয়েক জন তাঁর পাশে দাঁড়ান। শেষ পর্যন্ত পুলিশ কয়েক জনকে ছেড়ে দেয় বলেই দাবি তাঁর। সেই ঘটনার ভিডিওই এখন সমাজমাধ্যমে ভাইরাল।
এদিকে নিট-সংক্রান্ত দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে কয়েক দিন ধরেই উত্তপ্ত রাজধানী। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও সংসদ অভিযানের ডাক দেওয়া হয়েছিল। ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। আইনশৃঙ্খলা বজায় রাখতে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়। পরে বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগও ওঠে।
এই পরিস্থিতির মধ্যেই রিয়ার ভিডিও আন্দোলনের অন্যতম আলোচিত প্রতীক হয়ে উঠেছে। শুক্রবার দেশজুড়ে সংগঠনের আরও বিক্ষোভ কর্মসূচি রয়েছে। ফলে রাজধানীর পাশাপাশি অন্যান্য রাজ্যেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।





