মুর্শিদাবাদ, ২৮ মার্চঃ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শনিবার রানিগঞ্জের খান্দরা ফুটবল মাঠে জনসভা থেকে তিনি অভিযোগ করেন, প্রশাসনিক স্তরে অফিসারদের সরিয়ে দিয়েই এলাকায় অশান্তি ছড়ানোর পরিবেশ তৈরি করা হয়েছে।
মমতার কথায়, “অফিসারদের সরিয়ে দাঙ্গা করানো হয়েছে। কে অধিকার দিয়েছে দাঙ্গা বাধানোর? বাইরে থেকে টাকা ঢোকানো হচ্ছে। কাউকে ছাড়া হবে না।” একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বর্তমানে দায়িত্বে থাকা প্রশাসনিক আধিকারিকরা নিরপেক্ষভাবে কাজ করবেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন।
উল্লেখ্য, নির্বাচন ঘোষণার পর নির্বাচন কমিশন জেলা প্রশাসনে একাধিক রদবদল করে। সেই সময় থেকেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর আশঙ্কা ছিল, এতে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। রঘুনাথগঞ্জের সাম্প্রতিক ঘটনা সেই আশঙ্কাকেই সত্য প্রমাণ করেছে বলে দাবি তৃণমূলের।
প্রসঙ্গত, শনিবার রামনবমী উপলক্ষে রঘুনাথগঞ্জে একাধিক শোভাযাত্রা বের হয়। বিভিন্ন এলাকা থেকে মিছিল ম্যাকাঞ্জি পার্কের দিকে এগোচ্ছিল। অভিযোগ, সিসাতলা এলাকায় গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিছিলকারীদের বচসা বাধে। দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। মিছিল লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগও ওঠে।
অন্যদিকে, শহরের ফুলতলা মোড় এলাকায় আরও একটি বড় শোভাযাত্রা পৌঁছলে ফের উত্তেজনা ছড়ায়। ঢিল ছোড়াছুড়ির পাশাপাশি কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ সামনে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় র্যাপিড অ্যাকশন ফোর্স, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।





