কোচবিহার, ২৫ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বাংলাজুড়ে দেখা গেল অভূতপূর্ব উৎসাহ। মোট ১৫২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের পাশাপাশি নজর কাড়ল বিপুল ভোটদানের হার। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, এই পর্বে প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে, যা সাম্প্রতিক নির্বাচনী ইতিহাসে উল্লেখযোগ্য বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এই পর্বে বিশেষভাবে নজর কেড়েছে কোচবিহার জেলা। জেলাজুড়ে মোট ভোটদানের হার পৌঁছেছে ৯৬.৪ শতাংশে। এর মধ্যে শীতলকুচি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৯৭.৫৩ শতাংশ। আরও চমকপ্রদ তথ্য এসেছে একটি নির্দিষ্ট বুথ থেকে বিপিনচন্দ্র রায় পূর্বপাড়া পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের ২০৩ নম্বর বুথে ভোটের হার ৯৯ শতাংশেরও বেশি।
ওই বুথে মোট বৈধ ভোটার ছিলেন ৬৩৭ জন, যার মধ্যে ৬৩০টি ভোট পড়ে এবং একটি পোস্টাল ব্যালট জমা হয়। অর্থাৎ ৬৩১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। মাত্র ছয়জন ভোটার ভোট দিতে পারেননি, যাঁদের অধিকাংশই ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে।
ভোটকর্মীদের দাবি, এলাকায় থাকা বহু পরিযায়ী শ্রমিক ভোট দিতে বাড়ি ফিরেছিলেন। এমনকি কয়েকজন দেরিতে পৌঁছনো ভোটারকে যোগাযোগ করে বুথে আসার জন্য উৎসাহিত করা হয়। ফলে শেষ মুহূর্তেও ভোটদানের হার বাড়ে।
শুধু শীতলকুচি নয়, জেলার অন্যান্য কেন্দ্র যেমন মেখলিগঞ্জ, সিতাই, মাথাভাঙা, নাটাবাড়ি, কোচবিহার উত্তর, তুফানগঞ্জ, দিনহাটা ও কোচবিহার দক্ষিণেও ৯৪ থেকে ৯৬ শতাংশের মধ্যে ভোট পড়েছে।
উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালে শীতলকুচির জোরপাটকি এলাকায় গুলিচালনার ঘটনায় চার যুবকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা থাকলেও এবারের নির্বাচনে মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থারই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল।





