শীতলকুচি, ২৫ ডিসেম্বর : গোসাইরহাটে পথদুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল।বুধবার রাতে গোসাইরহাট বিএড কলেজ সংলগ্ন এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় গুরুতর আহত হন এক যুবক বাইক আরোহী।
দুর্ঘটনার তীব্রতায় বাইকের সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় বাইকটি দ্রুতগতিতে চলছিল।হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে বাইক আরোহী। ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে আহত হন।আশপাশের মানুষজন দ্রুত ছুটে এসে আহত যুবককে উদ্ধার করেন এবং তড়িঘড়ি শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।দুর্ঘটনার মুহূর্তে পাশের গোসাইরহাট কবিগুরু একাডেমির ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল।
আচমকা এই দুর্ঘটনায় এলাকায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়াল।তবে ভাগ্যক্রমে ছাত্র-ছাত্রীরা অল্পের জন্য রক্ষা পায়, বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ।পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও একটি টোটো উদ্ধার করে থানায় নিয়ে যায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ।





