শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারিঃ ফের গরু পাচার রুখে সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের গান্ধী মোড় এলাকায় অভিযান চালায় দার্জিলিং জেলা পুলিশ-এর ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। অভিযানে একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় মোট ১২টি গরু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানে থাকা দু’জনের কাছে গরুগুলির বৈধ কাগজপত্র চাওয়া হলে তারা কোনও নথি দেখাতে পারেনি। এরপরই দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সাদিন আলী শেখ ও হাবিবুল রহমান। সাদিন আলী আসামের শ্রীরামপুরের বাসিন্দা এবং হাবিবুল ডালখোলার বাসিন্দা বলে জানা গেছে। আটক পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং উদ্ধার হওয়া গরুগুলিকে খোয়াড়ে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গরুগুলি বিহার থেকে আনা হয়েছিল। সেগুলি আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও চূড়ান্তভাবে পাচারের গন্তব্য এখনও নিশ্চিত করা যায়নি। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনায় মামলা রুজু করে তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ি। জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, অবৈধ গরু ও মহিষ পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হবে। কাউকে রেয়াত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে ঘোষপুকুর ফাঁড়ি ও ফাঁসিদেওয়া থানার পুলিশ একাধিক পাচারচক্রের বিরুদ্ধে সাফল্য পেয়েছে। বারবার অভিযানে উদ্ধার হয়েছে গরু ও মহিষ, গ্রেপ্তার হয়েছে একাধিক অভিযুক্ত।





