কোচবিহার, ৯ এপ্রিলঃ নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে কোচবিহারে। বৃহস্পতিবার খাগড়াবাড়ি চৌপথি এলাকায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী-এর রোড শো ঘিরে হয়। রোড শো এর পরই ওই স্থানে ফিনাইল ছিটিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদ।
জানা গেছে, এদিন খাগড়াবাড়ি থেকে রাজারহাট পর্যন্ত রোড শো করেন মিঠুন চক্রবর্তী। তাঁকে এক ঝলক দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমায় সাধারণ মানুষ ও বিজেপি কর্মী-সমর্থকেরা। তবে রোড শো শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অন্য মোড় নেয়। খাগড়াবাড়ি চৌপথি এলাকায় জড়ো হন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। সেখানে তাঁরা ফিনাইল ছিটিয়ে প্রতীকী প্রতিবাদ জানান।
তৃণমূল ছাত্র পরিষদের নেতা মহম্মদ হাবিব জানান, মিঠুন চক্রবর্তী বিভিন্ন সভায় নিজেকে ‘সাপ’ বলে উল্লেখ করে “এক ছোবলেই ছবি” ধরনের মন্তব্য করেন, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরি করে। উত্তর বিধানসভা কেন্দ্রের মানুষ এই ধরনের বক্তব্য বা রাজনীতি সমর্থন করেন না। সেই কারণেই আমরা সাপকে ভাগানোর জন্য ফিনাইল ছিটিয়ে প্রতীকীভাবে ওই মন্তব্যের বিরোধিতা করেছেন। তাঁদের মতে, এই ধরনের ভাষা রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী এবং গণতান্ত্রিক পরিবেশের জন্যও ক্ষতিকর।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা ছড়ালেও বড় কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে এই ঘটনাকে ঘিরে কোচবিহারের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সব মিলিয়ে, ভোটের আগে কোচবিহারে রাজনৈতিক দলগুলির মধ্যে তরজা ক্রমেই তীব্র হচ্ছে। রোড শো, পাল্টা বিক্ষোভ এবং কটাক্ষ সব মিলিয়ে নির্বাচনী লড়াই এখন চরমে পৌঁছেছে।





