শীতলকুচি, ৪ ফেব্রুয়ারিঃ উন্নয়নের খবরে যেন অকালেই রঙে রঙিন হয়ে উঠল গোটা এলাকা। দীর্ঘদিনের প্রতীক্ষিত রাস্তার কাজের শুভ সূচনা হতেই অকাল হোলিতে মেতে উঠলেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সর্বেশ্বর জয়দুয়ার নওদাবাস এলাকায়।
রাস্তার কাজ শুরু হওয়ার আনন্দে এদিন সাধারণ মানুষ আবির, রঙ ও উচ্ছ্বাসে নিজেদের খুশি প্রকাশ করেন।বুধবার দুপুরে পথশ্রী চার প্রকল্পের আওতায় এই রাস্তার কাজের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়।ছোট শালবাড়ির সর্বেশ্বর জয়দুয়ার কলোনি ৫ম প্ল্যান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়েই শুরু হয় বহু প্রতীক্ষিত প্রকল্পের কাজ। উন্নয়নের এই খবরে গোটা এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়, আর সেই আনন্দই রূপ নেয় অকাল হোলির উৎসবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচি কলেজের পরিচালন কমিটির সভাপতি তপন কুমার গুহ, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ দীপক রায় প্রামানিক, ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সার্জিনা খাতুন বিবি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন মিয়া, প্রণব দেবনাথ, আলতাফ হোসেন মিয়া, আব্দুল আজিজ মিয়া, হিরু বর্মন, অমল বর্মন-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পথশ্রী চার প্রকল্পের মাধ্যমে মোট ৪ কিলোমিটার ৭০০ মিটার দীর্ঘ রাস্তা নির্মাণ করা হবে। গড় কান্তেশ্বর থেকে ডক্টর অনিল চন্দ্র বর্মনের বাড়ি হয়ে ফককরের হাট বাজার সংলগ্ন এলাকা পর্যন্ত এই রাস্তা বিস্তৃত হবে। দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল ছিল। বর্ষাকালে কাদা আর শুকনো সময়ে ধুলো—সব মিলিয়ে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হতো সাধারণ মানুষকে।
ছাত্রছাত্রী, রোগী, ব্যবসায়ী থেকে শুরু করে নিত্যযাত্রীরা সকলেই সমস্যায় পড়তেন।এই রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে যে খুশির জোয়ার নেমেছে, তারই প্রতিফলন দেখা যায় অকাল হোলির আনন্দে। অনেকেই বলেন, “এ যেন উন্নয়নের হোলি।”তাঁদের আশা, রাস্তা সম্পূর্ণ হলে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়ন নতুন গতি পাবে।





