খবরিয়া ২৪ ডেস্ক, ২২ ফেব্রুয়ারিঃ বিদ্রোহী যুব নেতা প্রতীক উর রহমানের দলবদল ঘিরে চাপে পড়ল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর রাজ্য নেতৃত্ব। শনিবার সকাল থেকেই তাঁর পদক্ষেপের দিকে নজর ছিল আলিমুদ্দিন স্ট্রিটে। বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এ যোগ দিতেই তাঁকে দল থেকে বহিষ্কার করে সিপিএম। পার্টির গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারা ও ৫৬ নম্বর উপধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতীক উর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি-এর হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন। জানা গিয়েছে, সম্প্রতি দলীয় চিঠি সংক্রান্ত বিতর্কের পরই তাঁকে বহিষ্কারের সুযোগ ছিল। তবে তখন রাজ্য কমিটি সেই পথে হাঁটেনি। দলের একাংশ তাঁকে ধরে রাখার চেষ্টা করেন। প্রবীণ নেতা বিমান বোস-ও তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে সূত্রের খবর। কিন্তু শেষ পর্যন্ত তাতে সাড়া দেননি প্রতীক।
তৃণমূলে যোগদানের পর থেকেই সিপিএমের বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে তাঁর বিরুদ্ধে আক্রমণ শানানো হচ্ছে। যুব নেতা শতরূপ ঘোষ প্রতীককে কটাক্ষ করে ‘গরু-ছাগল’ শব্দ ব্যবহার করেছেন বলেও অভিযোগ উঠেছে। এমনকি তিনি মন্তব্য করেন, আগের প্রতীক উর তাঁদের কাছে ‘মৃত’।
এদিকে, প্রতীক উরের দলত্যাগের পরই বিভিন্ন জেলা থেকে ক্ষোভের বহিঃপ্রকাশের খবর আসছে। টালিগঞ্জ বিধানসভা এলাকার দক্ষিণ যাদবপুর ১ নম্বর এরিয়া কমিটি থেকে সম্প্রতি ৬৩ জন নেতা-কর্মী ইস্তফা দিয়েছেন। তাঁদের মধ্যে ৩ জন এরিয়া কমিটির সদস্য-সহ মোট ৭ জন পার্টি সদস্য রয়েছেন। সাংগঠনিক ক্ষেত্রে বিতর্ক ও অভ্যন্তরীণ অসন্তোষের জেরে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। অভিযোগ, জেলা বা রাজ্য কমিটি তাঁদের সমস্যার সমাধানে এখনও উদ্যোগ নেয়নি।
এই ইস্যুতে তৃণমূল কাউন্সিলর ও মুখপাত্র অরূপ চক্রবর্তী সামাজিক মাধ্যমে কটাক্ষ করে লেখেন, “প্রতীক উর রহমান আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে এলেন, আর দক্ষিণ যাদবপুরে সিপিএমের ৬৫ জন নেতা দল ছাড়লেন।”
সব মিলিয়ে প্রতীক উরের দলবদল ঘিরে সিপিএমের অন্দরে অস্বস্তি ও চাপানউতোর তীব্র হয়েছে। ভোটের আগে এই সাংগঠনিক টানাপোড়েন কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।





