আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফাঁকা বাড়িতে হানা,৬ ঘণ্টার মধ্যেই চোরকে পাকড়াও মাটিগাড়া থানার পুলিশ

Published on: December 30, 2025
---Advertisement---

শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ ফাঁকা বাড়িকে নিশানা করে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাটিগাড়া থানা এলাকার শিবমন্দির সংলগ্ন শান্তিপুর হালেরমাথা এলাকায়। তবে অপরাধ ঘটানোর পর বেশিক্ষণ আত্মগোপন করে থাকতে পারেনি অভিযুক্ত। ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই চোরকে গ্রেফতার করে তদন্তে বড় সাফল্য পেল মাটিগাড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে বাড়ির মালিক অমিত ঝা কিছু সময়ের জন্য বাড়ি তালাবদ্ধ রেখে বাইরে যান। সেই সুযোগকেই কাজে লাগায় দুষ্কৃতী। বাড়ির ভেতরে ঢুকে সে সোনার গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের লন্ডভন্ড অবস্থা দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন অমিত ঝা। এরপরই তিনি মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ। আশপাশের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের সম্ভাব্য গতিবিধি ট্র্যাক করা হয়। ধারাবাহিক তদন্তের জেরেই পুলিশ দ্রুত অভিযুক্তের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়।

পুলিশি তৎপরতায় ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই অভিজিৎ মুন্ডা(১৯), ওরফে ধারু নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতের দেখানো পথ ধরেই বিশ্বাস কলোনির একটি জঙ্গল এলাকা থেকে উদ্ধার হয় প্রায় ৭০ গ্রাম সোনার গয়না ও ৩৬৫ গ্রাম রূপার অলংকার। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার দ্রুত সমাধানে পুলিশের ভূমিকায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আগেও কোনও অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত এখনও চলমান।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment