শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে বড়সড় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সোমবার গভীর রাতে প্রায় দেড়টা নাগাদ নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত কাশ্মীর কলোনি এলাকায় ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল জড়ো হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। অভিযোগ, ওই দলটি ডাকাতির উদ্দেশ্যেই এলাকায় অবস্থান করছিল এবং বড়সড় কোনও অপরাধের ছক কষছিল।
খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘিরে ফেলে এলাকা। হঠাৎ পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীদের মধ্যে কয়েকজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তৎপরতার জেরে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। ধৃতদের নাম এমডি শাকিল, সুমন সরকার ও পবন কুমার সিং। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। পূর্বেও তারা গ্রেপ্তার হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। এদের জিজ্ঞাসাবাদ করে পলাতক দুষ্কৃতীদের পরিচয় জানার চেষ্টা চলছে।
ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। পুলিশ জানিয়েছে, পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। পুলিশের তৎপরতায় সম্ভাব্য বড়সড় অপরাধ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন অনেকে।





