কোচবিহার, ২০ মেঃ এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ রোগীর আত্মীয়দের হাসপাতালে ঢুকতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বুধবার উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, হাসপাতালের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা রোগীর পরিজনদের ভিতরে প্রবেশ করতে দেননি। এই ঘটনাকে ঘিরেই শুরু হয় তীব্র বচসা।
জানা গিয়েছে, এক রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাঁদের আটকে দেন। এরপরই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিশে।
ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছয় পুলিশ। পুলিশ এসে রোগীর পরিজন ও নিরাপত্তারক্ষী দুই পক্ষের বক্তব্য শোনে। যদিও হাসপাতালের নিরাপত্তারক্ষীদের দাবি, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁদের কথায়, হাসপাতালে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নিরাপত্তারক্ষীরা আরও জানান, হাসপাতাল চত্বরে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ দেখলেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তবে এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে পুলিশ।





