শীতলকুচি, ১৭ জানুয়ারি : ভোটার তালিকা সংক্রান্ত হেয়ারিং নোটিশকে কেন্দ্র করে শীতলকুচির ছোট শালবাড়ি অঞ্চলে তীব্র উত্তেজনা ছড়াল। ছোট শালবাড়ি এলাকার তিনটি বুথের অন্তর্গত বাসিন্দারা একত্রিত হয়ে সংশ্লিষ্ট বি এল ওদের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন।
বিক্ষোভ ঘিরে গোটা এলাকায় শোরগোল সৃষ্টি হয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন ধরেই এই এলাকার স্থায়ী নাগরিক হিসেবে বসবাস করছেন। তা সত্ত্বেও হঠাৎ করে তাঁদের নামে হেয়ারিং নোটিশ জারি হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। কেন স্থায়ী নাগরিকদের নামেই নোটিশ পাঠানো হচ্ছে—এই দাবি তুলে ধরেই এদিন বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। যদিও বিক্ষোভ চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।
এ বিষয়ে সংশ্লিষ্ট বি এল ওদের বক্তব্য, বিষয়টি তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। কমিশন থেকে যে নির্দেশিকা আসে, সেই নির্দেশ মেনেই কাজ করা হচ্ছে বলে জানান তাঁরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, “এখানে আমাদের ব্যক্তিগতভাবে কিছু করার নেই। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ চলছে। বিক্ষোভ দেখিয়ে সমস্যার সমাধান হবে না।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে হেয়ারিং নোটিশ সংক্রান্ত বিভ্রান্তি দূর করে প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হোক।





