দিল্লি, ১৫ মার্চঃ দিল্লির বিজ্ঞান ভবনে শুরু হল নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক। আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা ঘিরে এই বৈঠকের দিকে নজর ছিল গোটা দেশের রাজনৈতিক মহলের। বৈঠকের শুরুতেই বক্তব্য রাখেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার।
তিনি স্পষ্ট করে জানান, ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে কমিশন অত্যন্ত সতর্ক। তাঁর কথায়, “কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না এবং অবৈধ কোনও ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকবে না।” এই বিশাল নির্বাচন প্রক্রিয়া সফলভাবে পরিচালনার জন্য তিনি বুথ লেভেল অফিসারদের (বিএলও) ধন্যবাদও জানান।
জ্ঞানেশ কুমার বলেন, ভারতের ভোটার সংখ্যা আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মোট জনসংখ্যার সমান। এত বড় গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বের নজর কেড়েছে। সেই কারণেই বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা এই নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে ভারতে এসেছেন বলেও জানান তিনি।





