খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাইঃ এনসিপিআইয়ের ২০ সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপাতত ‘ধীরে চলো’ নীতিতেই এগোতে চাইছে বিজেপি। তাঁরা আপাতত এনসিপিআইয়ের ব্যানারেই সংসদে এনডিএকে সমর্থন করবেন, নাকি সরাসরি বিজেপিতে যোগ দেবেন সেই সিদ্ধান্ত এখনই নিতে নারাজ গেরুয়া শিবির। দলীয় সূত্রের খবর, সুপ্রিম কোর্টে চলা একাধিক মামলার গতিপ্রকৃতি খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
বিজেপির আশঙ্কা, তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে দলত্যাগ বিরোধী আইন সংক্রান্ত আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে শিবসেনার উদ্ধব শিবিরের ছয় সাংসদের শিন্ডে গোষ্ঠীতে যোগদান নিয়ে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্ট লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জবাব চেয়েছে। সেই মামলার রায় ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে বিজেপি।
এদিকে, দলত্যাগ বিরোধী আইন অপব্যবহারের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নির্দল সাংসদ কপিল সিব্বল। ফলে আইনি অবস্থান আরও স্পষ্ট না হওয়া পর্যন্ত এনসিপিআই সাংসদদের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না বিজেপি নেতৃত্ব।
তবে রাজনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। আগামী মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে এনসিপিআইয়ের ২০ সাংসদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা। সূত্রের খবর, ওই বৈঠকেই সাংসদদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং বিজেপির সঙ্গে তাঁদের সম্পর্কের রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হতে পারে। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের আগে আদালতের পর্যবেক্ষণের দিকেই নজর রাখছে গেরুয়া শিবির।





