খবরিয়া ২৪ ডেস্ক, ২৫ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার রাজনীতি এখন জাতীয় স্তরের কেন্দ্রে। দেশের বিভিন্ন বিরোধী দল ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র পাশে দাঁড়িয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন তামিল সুপারস্টার থেকে রাজনীতিক হওয়া Vijay, যিনি ‘থলপতি’ নামেই পরিচিত।
সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিজয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে শোনা গিয়েছে। একটি জনসভায় তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করছেন। তাঁর এই সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা।” তামিলনাড়ুতেও একইভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের এই মন্তব্য কেবল বাংলার রাজনীতিতেই নয়, তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কারণ, সদ্য রাজনীতিতে পা রাখা বিজয় ইতিমধ্যেই সেখানে তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করছেন।
উল্লেখযোগ্যভাবে, বাংলার নির্বাচনের আগে বিরোধী শিবিরের একাধিক নেতা-অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন এবং তেজশ্বি যাদব ইতিমধ্যেই মমতার প্রতি সমর্থন জানিয়েছেন। এই আবহে বিজয়ের সমর্থন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, বাংলার ভোট ঘিরে জাতীয় রাজনীতির এই সমাবেশে নতুন মাত্রা যোগ করল বিজয়ের মন্তব্য, যা এখন জোর চর্চার বিষয়।





