খবরিয়া ২৪ ডেস্ক, ২৩ ফেব্রুয়ারিঃ দীর্ঘ প্রায় ৬০০ দিনের অসুস্থতার সঙ্গে অসম লড়াই শেষে প্রয়াত হলেন বঙ্গ রাজনীতির এক সময়ের প্রভাবশালী মুখ মুকুল রায়। রবিবার গভীর রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। পরিবারের তরফে তাঁর ছেলে শুভ্রাংশু রায় মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন।
জানা গিয়েছে, দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে একাধিক শারীরিক সমস্যা ও বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। রবিবার রাত প্রায় একটা নাগাদ ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও রাত তিনটে নাগাদ তাঁর জীবনাবসান ঘটে।
১৯৫৪ সালে কাঁচরাপাড়ায় জন্মগ্রহণ করেন মুকুল রায়। রাজনৈতিক জীবনের শুরু যুব কংগ্রেসের মাধ্যমে। পরে ১৯৯৮ সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম হন তিনি এবং দীর্ঘদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলান। একসময় তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত ছিলেন। ২০১৭ সালে দলবদল করে ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেন এবং জাতীয় সহসভাপতির দায়িত্বও পান। ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। পরে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করলেও শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরেই ছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে জাহাজ প্রতিমন্ত্রী এবং ২০১২ সালে স্বল্প সময়ের জন্য রেলমন্ত্রীর দায়িত্বও সামলান। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একদা সতীর্থরা তাঁর সংগঠক দক্ষতা ও তীক্ষ্ণ রাজনৈতিক বুদ্ধিমত্তার কথা স্মরণ করেছেন। কাঁচরাপাড়ায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। তাঁর প্রয়াণে রাজ্য রাজনীতিতে এক অধ্যায়ের অবসান ঘটল।





