দিনহাটা, ৭ ডিসেম্বরঃ একদিকে কলকাতা ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের মঞ্চে সনাতনী রাষ্ট্র গঠনের ডাক! অপরদিকে পাল্টা দিনহাটাতে মন্ত্রী উদয়ন গুহ করলেন কীর্তনের সামগ্রী বিতরণ।
এদিন জেলার প্রত্যন্ত দিনহাটা বিধানসভায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার ২৪৫ টি কীর্তন দলগুলি কে মন্ত্রী উদয়ন গুহের উদ্যোগে কীর্তন সামগ্রী খোল, করতাল, হারমোনিয়াম বিতরণ করা হয়। রবিবার দিনহাটা হেমন্ত বসু কর্নারে কীর্তনের সামগ্রী বিতরণের পর মন্ত্রী উদয়ন গুহ বলেন এখানে যারা খোল করতাল হারমোনিয়াম এসব নিলেন তারা কেউ আলাদা সনাতনী রাষ্ট্র বা রাজ্য গঠনের জন্য নিচ্ছেন না।
তারা গ্রামের সাধারণ মানুষ সারাদিন কাজ করার পর সন্ধ্যায় একটু মনের আনন্দে কীর্তন করবেন, সে জন্যই তারা এসব নিচ্ছেন। অপরদিকে মন্ত্রী উদয়নের হাত থেকে কীর্তনের সামগ্রী পেয়ে খুশি দিনহাটা বিধানসভার বিভিন্ন কীর্তন সম্প্রদায়।





