কলকাতা, ৩০ এপ্রিলঃ এসআইআর সংক্রান্ত কাজে গিয়ে বিচারকদের রাতভর আটকে রেখে হেনস্তার অভিযোগে মোথাবাড়ি কাণ্ডে ফের বড় সিদ্ধান্ত নিল আদালত। NIA-র বিশেষ আদালত বৃহস্পতিবার মিম নেতা মোফাক্কেরুল ইসলাম-এর জামিনের আবেদন খারিজ করে দেয়। একইসঙ্গে আরও ৫২ জন অভিযুক্তের জামিনও নামঞ্জুর করা হয়েছে। ফলে আগামী ১৩ মে পর্যন্ত তাঁদের জেল হেফাজতেই থাকতে হবে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল মালদহের মোথাবাড়িতে এই ঘটনাটি ঘটে। এসআইআর-এর কাজে কমিশনের গঠিত ট্রাইব্যুনাল সেখানে পৌঁছলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘেরাও করে এবং বিডিও অফিসে রাতভর আটকে রাখে বলে অভিযোগ। এই ঘটনার পেছনে মিম নেতা মোফাক্কেরুল ইসলামের ইন্ধন ছিল বলে অভিযোগ ওঠে। জানা যায়, ঘটনার দিনই সুজাপুরে এক সভায় তিনি এসআইআর নিয়ে উসকানিমূলক বক্তব্য রেখেছিলেন, যার জেরেই উত্তেজনা ছড়ায়।
ঘটনার পর ৪৮ ঘণ্টার মধ্যে বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। পরবর্তীতে আরও বহু অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় NIA-র হাতে। বর্তমানে এনআইএ-র বিশেষ আদালতেই মামলার শুনানি চলছে।
বৃহস্পতিবারের শুনানিতে এনআইএ-র পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তদের ফোনকল ও অন্যান্য তথ্য যাচাই করতে এখনও সময় প্রয়োজন। সেই কারণে আরও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে।
অন্যদিকে, অভিযুক্তদের আইনজীবীরা জামিনের পক্ষে সওয়াল করে জানান, এসআইআর নিয়ে আন্দোলন এখনও চলছে এবং অভিযুক্তদের দীর্ঘদিন ধরে হেফাজতে রাখা উচিত নয়। তবে এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ পাল্টা যুক্তি দেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজ চলছে। তিনি দাবি করেন, এই ঘটনার সঙ্গে অভিযুক্তদের প্রত্যক্ষ যোগ রয়েছে এবং জামিন দিলে তদন্তে প্রভাব পড়তে পারে।
সব দিক বিবেচনা করে আদালত আপাতত জামিনের আবেদন খারিজ করে দেয়। ফলে এই মামলার পরবর্তী শুনানির দিকে এখন নজর রয়েছে।





