কলকাতা, ২৪ মার্চঃ রাজ্যে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের সময় নিয়ে একাধিক প্রশ্ন তোলেন।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, “কাল মধ্যরাতে লিস্ট কেন প্রকাশ করা হল? এখনও পর্যন্ত সেই তালিকা ব্লক বা জেলা স্তরে টাঙানো হয়নি।” তাঁর দাবি, যে কয়েকটি নাম তালিকায় উঠেছে, তা নিয়ে আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “নন্দীগ্রামের রিটার্নিং অফিসার ভবানীপুরে আসছে এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, এই নির্দেশ শুধু একটি রাজ্যের জন্য নয়, বরং সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রেই প্রযোজ্য। তাঁর প্রশ্ন, “এটা কি সত্যিই ক্লারিক্যাল মিসটেক, নাকি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে?”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়ে তিনি বিরোধী দলগুলির কাছেও আহ্বান জানান। তাঁর বক্তব্য, “কমিশনের এই একপেশে কার্যকলাপের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। এখানে কোনও রাজনৈতিক রং না দেখে গণতন্ত্র রক্ষার স্বার্থে প্রতিবাদ করা প্রয়োজন।”
উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এখন কমিশনের তরফে কী প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।





