খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ জানুয়ারিঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে যখন রাজ্য রাজনীতিতে উত্তাপ তুঙ্গে, ঠিক সেই সময়ই পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। এই সফরে SIR আতঙ্কে মৃতদের পরিবার এবং হয়রানির শিকার মানুষদের পরিবারকে সঙ্গে নিয়ে রাজধানীতে গিয়ে কেন্দ্রের কাছে দাবি জানাবার কথা ছিল তাঁর। বুধবার সিঙ্গুরের সভা শেষ করেই মমতার দিল্লি রওনা হওয়ার কথা থাকলেও, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের আকস্মিক মৃত্যুর ঘটনায় আপাতত সেই সফর স্থগিত রাখা হয়েছে। সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই নতুন করে দিল্লি সফরের দিনক্ষণ ঠিক হতে পারে।
বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অজিত পওয়ারের (Ajit Pawar)। অবতরণের সময়ই ভেঙে পড়ে তাঁর ব্যক্তিগত বিমান। অসামরিক বিমান পরিবহণ অধিদপ্তর (DGCA) জানিয়েছে, বিমানে থাকা মোট ছয়জন যাত্রীর সকলেরই মৃত্যু হয়েছে। এই ঘটনায় দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।
অজিত পওয়ারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই দুর্ঘটনার যথাযথ ও স্বচ্ছ তদন্তের দাবিও তুলেছেন তিনি। সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, “অজিত পওয়ারের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীরা আজ সকালে বারামতিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। তাঁর কাকা শরদ পওয়ারজি-সহ তাঁর পরিবার এবং প্রয়াত অজিতজির সমস্ত বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই ঘটনার সঠিক তদন্ত প্রয়োজন।”
জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। এনসিপি সূত্রে খবর, জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বই থেকে বারামতির উদ্দেশে রওনা দিয়েছিলেন অজিত পওয়ার। সেখানে তাঁর তিনটি রাজনৈতিক জনসভার কর্মসূচি ছিল।
এই মর্মান্তিক ঘটনায় মহারাষ্ট্রের পাশাপাশি দেশের রাজনৈতিক মহলেও গভীর শোক নেমে এসেছে। DGCA ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।





