কলকাতা, ২২ মার্চঃ ভোটের দামামা বেজে গিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-এর দিনক্ষণ ঘোষণার পরই জোরকদমে প্রচারে নামছে শাসকদল। রবিবার থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারে ঝাঁপাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে দলের প্রথম কর্মিসভা করবেন তিনি, যা নির্বাচনী কৌশলের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে ইতিমধ্যেই নিজের লড়াই শুরু করেছেন মমতা। কর্মিসভায় ভবানীপুরের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং কর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে কর্মীদের জন্য একাধিক দিকনির্দেশ ও নির্বাচনী রণকৌশল ঠিক করে দেবেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি বিরোধীদের কুৎসা ও প্ররোচনায় পা না-দিয়ে কীভাবে প্রচার এগিয়ে নিয়ে যেতে হবে, সেই বার্তাও দেবেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও রেকর্ড ব্যবধানে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে তৃণমূল। ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ এই স্লোগানকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচারে জোর দিচ্ছে দল।
এই কর্মিসভায় উপস্থিত থাকার কথা রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ অন্যান্য নেতৃত্বের। জানা গিয়েছে, সন্ধ্যা সাতটা নাগাদ সভা শুরু হবে।
অন্যদিকে, রাজ্যজুড়ে বিস্তৃত প্রচারসূচিও ঘোষণা করেছে তৃণমূল। ২৪ মার্চ থেকে একযোগে প্রচারে নামছেন মমতা ও অভিষেক। ওই দিন আলিপুরদুয়ার, ময়নাগুড়ি ও মাটিগাড়া-নকশালবাড়িতে সভা করবেন মমতা। পরদিন রায়গঞ্জ ও হরিরামপুরে কর্মসূচি রয়েছে তাঁর।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টানা কর্মসূচি নিয়ে প্রস্তুত। ২৪ মার্চ পাথরপ্রতিমায় জনসভা দিয়ে তাঁর প্রচার শুরু হবে। ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা ছাড়াও দাসপুর ও কেশিয়াড়িতে সভা করবেন তিনি। এরপর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রতিদিন একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সব মিলিয়ে ভোটের আগে প্রচারের ময়দানে ঝড় তুলতে প্রস্তুত তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রথম কর্মিসভা থেকেই নির্বাচনী লড়াইয়ের সুর স্পষ্ট করে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।





