খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ ফেব্রুয়ারিঃ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার হল। নির্বাচন-পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে পুলিশ প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে দক্ষিণবঙ্গ, সিআইডি, আইবি-সহ বিভিন্ন শাখায় নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নাম ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণবঙ্গের এডিজি ও আইজিপি পদে দায়িত্ব পেলেন রাজীব মিশ্র। সিআইডি-র এডিজি ও আইজিপি হিসেবে নিয়োগ করা হয়েছে এল এম মীনাকে। আইজিপি (ইন্টেলিজেন্স ব্রাঞ্চ) পদে দায়িত্ব দেওয়া হয়েছে মুকেশকে। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব নিলেন সৈয়দ ওয়াকার রাজা। জলপাইগুড়ির নতুন পুলিশ সুপার হলেন অমরনাথ কে, যিনি এর আগে কৃষ্ণনগরে কর্মরত ছিলেন। তাঁর জায়গায় কৃষ্ণনগরের দায়িত্বে আনা হয়েছে ওয়াই রঘুবংশীকে।
প্রশাসনিক সূত্রের খবর, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দীর্ঘদিন একই পদে থাকা আধিকারিকদের বদলির প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটের আগে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রশাসনিক পরিবেশ বজায় রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ বিভাগের বিভিন্ন স্তরে এই রদবদল কার্যকর করা হচ্ছে দ্রুতগতিতে।
যদিও সরকারি মহলের দাবি, এটি নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ এবং নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনও পদক্ষেপ নয়। তবুও রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে প্রশাসনিক পুনর্বিন্যাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তা নির্বাচনী কৌশলের গুরুত্বপূর্ণ অঙ্গ।
ভোটের সূচি ঘোষণাকে ঘিরে জল্পনা ক্রমশ বাড়ছে। তারই মাঝে পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে এই রদবদল স্পষ্ট করে দিচ্ছে, নির্বাচনী প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য প্রশাসন। আগামী দিনে আরও কিছু দপ্তরে পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত মিলছে।





