খবরিয়া ২৪ ডেস্ক, ৭ ফেব্রুয়ারিঃ ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি মানেই প্রেমের মিষ্টি হাওয়া। শহরজুড়ে গোলাপের রঙ, দোকানে দোকানে উপহারের সম্ভার। ভ্যালেন্টাইনস সপ্তাহের প্রথম দিন ‘রোজ ডে’ দিয়েই শুরু হয় প্রেম উদযাপনের পর্ব। তবে সময়ের সঙ্গে বদলেছে ভালোবাসা জানানোর ভাষা। আজকের প্রজন্মের কাছে প্রেম নিবেদন আর শুধু লাল গোলাপ বা দামি উপহারের মধ্যেই সীমাবদ্ধ নয়।
বর্তমানে তরুণ-তরুণীদের ঝোঁক বেশি ‘পার্সোনালাইজড’ গিফটের দিকে। প্রিয় মানুষের নাম, বিশেষ কোনও তারিখ কিংবা একান্ত মুহূর্তের ছবি দিয়ে তৈরি কাস্টমাইজড মগ, ফটো ফ্রেম, ফটো ল্যাম্প সবই হয়ে উঠছে জনপ্রিয়। ডিজিটাল যুগেও হাতে লেখা চিঠির আবেদন একেবারেই ফিকে হয়নি। অনেকেই সুন্দর ডায়েরিতে পুরনো স্মৃতির ছবি সাজিয়ে তৈরি করছেন নিজস্ব অ্যালবাম, যা উপহারের সঙ্গে যোগ করছে আবেগের আলাদা মাত্রা।
বাজারচলতি পারফিউম বা গয়নার চেয়ে নিজের হাতে বানানো কার্ড, DIY শোপিস কিংবা ছোট্ট কোনও হস্তশিল্প অনেকের কাছেই বেশি স্পেশাল। বিশেষজ্ঞদের মতে, নিজের সময় ও যত্ন দিয়ে তৈরি উপহার সম্পর্কের গভীরতা বাড়ায় কয়েক গুণ।
শুধু বস্তু নয়, উপহার হতে পারে অভিজ্ঞতাও। রোমান্টিক ডিনার ডেট, শহরের কোলাহল ছাড়িয়ে নিরিবিলি সময় কাটানো, একসঙ্গে প্রিয় সিনেমা দেখা কিংবা গঙ্গার ধারে হাতে হাত রেখে হাঁটা এসব ‘এক্সপেরিয়েন্স গিফট’ এখন দারুণ জনপ্রিয়।
প্রযুক্তিও দূরত্ব কমাচ্ছে। ভিন রাজ্যে থাকা সঙ্গীর জন্য ভিডিও মেসেজ, কাস্টম স্পটিফাই প্লেলিস্ট বা কিউআর কোড স্ক্যান করলেই বাজবে প্রিয় গান এমন সৃজনশীল ভাবনাই এখন ইন-থিং।
সব মিলিয়ে, উপহারের দাম নয়, অনুভূতির গভীরতাই রোজ ডে-কে করে তোলে স্মরণীয়। গোলাপ শুধু প্রতীক ভালোবাসার আসল সুবাস ছড়ায় হৃদয়ের অনুভবেই।





