কলকাতা, ২৭ ফেব্রুয়ারিঃ মহিলা সহকর্মীকে যৌন হেনস্থার অভিযোগে এবার চাপে সিপিআইএম ঘনিষ্ঠ আইনজীবী ফিরদৌস শামিম। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে হেয়ার স্ট্রিট থানা। বুধবার তাঁরই জুনিয়র এক মহিলা আইনজীবী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
অভিযোগকারী মহিলা আইনজীবীর দাবি, গত বছর তিনি ফিরদৌস শামিমের জুনিয়র হিসেবে তাঁর চেম্বারে কাজ শুরু করেন। সেই সময় থেকেই বিভিন্ন সময়ে তাঁকে কুরুচিকর মন্তব্য ও অশ্লীল আচরণের শিকার হতে হয়েছে। চেম্বারের মধ্যেই তাঁর শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ। প্রথমে বিষয়টি দলীয় স্তরে আলিমুদ্দিন স্ট্রিটে জানানো হলেও কোনও সুরাহা না মেলায় থানার দ্বারস্থ হন তিনি।
মহিলা আইনজীবী ইমেলের মাধ্যমে অভিযোগ জানানোর পর তাঁকে থানায় গিয়ে বয়ান দিতে বলা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সহকর্মীকে সঙ্গে নিয়ে তিনি হেয়ার স্ট্রিট থানায় উপস্থিত হয়ে বিস্তারিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৭৪, ৭৫, ৭৯, ৩৫১(২) এবং ১২৬(২) ধারায় শ্লীলতাহানি, যৌন হেনস্থা, অশ্লীল আচরণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন ও অন্যায়ভাবে আটকে রাখার অভিযোগে মামলা রুজু হয়েছে।
ঘটনাকে ঘিরে আইনজীবী মহল ও রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। যদিও অভিযুক্তের তরফে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।





