কলকাতা। ২৫ এপ্রিলঃ বঙ্গের বিধানসভা নির্বাচনের শেষ দফার প্রচারে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সমর্থনে রবিবার রাজ্যে আসছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । জানা গিয়েছে, বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন তিনি। তিলজলা রোড সংলগ্ন গুরু রবিদাস পার্কের পিছনে বিকেল পাঁচটায় তাঁর জনসভা হওয়ার কথা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
তৃণমূল সূত্রে খবর, প্রচারের শেষ লগ্নে ২৬ ও ২৭ এপ্রিল রাজ্যে একাধিক সভা করবেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। এর পাশাপাশি বিজেপি-বিরোধী জোটকে আরও জোরদার করতে রাজ্যে আসছেন অন্য বিরোধী নেতারাও। শনিবার তৃণমূলের সমর্থনে প্রচারে অংশ নেবেন আরজেডি নেতা তেজস্বী যাদব। দুপুর ৩টে নাগাদ বরাহনগরের আলমবাজার মোড়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন তিনি। এরপর জোড়াসাঁকো ও রাসবিহারী এলাকাতেও প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
অন্যদিকে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-ও এদিন রাজ্যে এসে তৃণমূলের পক্ষে প্রচার করবেন। চন্দনগরের ভদ্রেশ্বর এবং শ্রীরামপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে তার আগে ২৭ এপ্রিল প্রচারের শেষ দিন। ফলে শেষ মুহূর্তে জাতীয় স্তরের বিরোধী নেতাদের উপস্থিতি তৃণমূলের প্রচারে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।





