আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে পথে ছাত্ররা

Published on: August 6, 2026
---Advertisement---

রাঁচি, ৬ আগস্টঃ  একের পর এক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তপ্ত ঝাড়খণ্ড। গত দু’বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাকে ঘিরে বিতর্কের জেরে ক্ষোভে ফুঁসছেন হাজার হাজার পরীক্ষার্থী। এবার সেই ক্ষোভ রাস্তায় নেমে আন্দোলনের রূপ নিয়েছে। ছাত্রদের দাবি, পরীক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগ করতে হবে। দাবি পূরণ না হলে আগামী সোমবার বিধানসভা ঘেরাওয়েরও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

অভিযোগের কেন্দ্রে রয়েছে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (JSSC) একাধিক নিয়োগ পরীক্ষা। পরীক্ষায় স্বচ্ছতার অভাব, প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলছে বিক্ষোভ। সেখানে অনশনেও বসেছেন ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো।

আন্দোলনকারীদের তিন দফা দাবি প্রথমত, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত সিবিআই ও ইডির হাতে তুলে দিতে হবে। দ্বিতীয়ত, নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষাগুলি স্থগিত রাখতে হবে। তৃতীয়ত, নিয়োগ ব্যবস্থার আমূল সংস্কার করে যোগ্য প্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

ছাত্রদের অভিযোগ, সরকার তাঁদের দাবির প্রতি কার্যত উদাসীন। সেই কারণেই তাঁরা এখন সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। আন্দোলনকারীদের বক্তব্য, “আমরা আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু সরকার যদি কোনও কার্যকর পদক্ষেপই না নেয়, তবে মুখ্যমন্ত্রীর এই পদে থাকার নৈতিক অধিকার নেই।”

এই আবহেই রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাজভবন সূত্রে জানানো হয়েছে, পরীক্ষা সংক্রান্ত অনিয়মকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন রাজ্যপাল। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখার জন্য সংশ্লিষ্ট কমিশনগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীও আন্দোলনকারীদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর।

তবে সেই আশ্বাসে আপাতত আস্থা রাখতে নারাজ আন্দোলনকারীরা। ইতিমধ্যেই তাঁরা তিরঙ্গা যাত্রা করেছেন। এবার সংসদ অভিযানের ধাঁচে রাজ্য বিধানসভা ঘেরাওয়ের প্রস্তুতি শুরু হয়েছে। ফলে নিয়োগ পরীক্ষার অনিয়ম ঘিরে ঝাড়খণ্ডের রাজনৈতিক ও প্রশাসনিক চাপ আরও বাড়তে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment