খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ ডিসেম্বরঃ সোমবার দুপুরে মালদার মানিকচক থানার মথুরাপুরের ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় দুটি দোকান-সহ একটি বসতবাড়ি। অল্পের জন্য রক্ষা পায় আশপাশের একাধিক দোকান এবং পাট ভর্তি গোডাউন, ফলে বড়সড় ক্ষতির হাত থেকে এলাকা রক্ষা পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অশোক মন্ডল ও ভীম মন্ডল নামে দুই ভাই ওই এলাকায় বাড়ি ও দোকান চালিয়ে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। তাঁদের স্ত্রী ও সন্তানেরা চা ও অন্যান্য সামগ্রী বিক্রি করে সংসার চালাতেন। সোমবার দুপুরে হঠাৎই একটি দোকানে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দোকান ও বাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা এলাকা।
ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও বাড়ি ও দোকানে থাকা ফ্রিজ, আসবাবপত্র, নগদ টাকা-সহ সমস্ত সামগ্রী পুড়ে ছারখার হয়ে যায়। ফলে দুই ভাইয়ের পরিবার সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছে।
প্রাথমিকভাবে রান্না করার সময় অসাবধানতাবশত আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।





