কলকাতা, ২০ মেঃ অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে বিজেপি সরকার। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সীমান্ত সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সেই লক্ষ্যেই বুধবার বিএসএফকে ২৭ কিলোমিটার জমি হস্তান্তরের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করল রাজ্য সরকার। এই জমিতে সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন জানান, বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে দীর্ঘদিন ধরেই অতিরিক্ত জমির দাবি জানিয়ে আসছিল বিএসএফ। কিন্তু আগের সরকার সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেনি বলেই অভিযোগ তাঁর।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “সীমান্ত সুরক্ষা দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত। বিএসএফ আগেই জমি চেয়েছিল। কিন্তু তোষণের রাজনীতির কারণে আগের সরকার সেই জমি দেয়নি।” তাঁর দাবি, বর্তমান সরকার অনুপ্রবেশ ইস্যুতে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে এবং সীমান্তকে আরও সুরক্ষিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় দ্রুত কাঁটাতার নির্মাণের কাজ শুরু হবে। বিশেষ করে যেসব জায়গায় এখনও ফাঁকা অংশ রয়েছে বা নজরদারিতে সমস্যা হচ্ছে, সেগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিএসএফ ও রাজ্য প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর কথাও বলা হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, সীমান্ত নিরাপত্তা নিয়ে বিজেপি দীর্ঘদিন ধরেই সরব ছিল। এবার ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতিগুলিকেই বাস্তবায়নের পথে এগোতে চাইছে নতুন সরকার। তবে বিরোধীদের একাংশের দাবি, সীমান্ত ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। যদিও রাজ্য সরকারের বক্তব্য, সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ রোধে কোনওরকম আপস করা হবে না।





