বারাবনি, ১ এপ্রিলঃ নির্বাচনী প্রচারের কোলাহলের মাঝেই উঠে এল এক হৃদয়বিদারক ছবি। বারাবনি বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে এক বৃদ্ধার আর্তি শুনে থমকে গেলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় তাঁর পা জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় প্রায় ৯০ বছরের বৃদ্ধা দুর্গা রায়কে।
রূপনারায়ণপুরের সীমান্তপল্লীর বাসিন্দা দুর্গা রায় দীর্ঘদিন ধরেই একা থাকেন। স্বামী-সন্তানহীন জীবনে দুই মেয়ের বিয়ের পর নিঃসঙ্গ দিন কাটালেও ভোট দেওয়ার অধিকার কখনও ভুলে যাননি। কিন্তু সম্প্রতি এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত তালিকায় দেখা যায়, সরকারি নথিতে তাঁকে ‘মৃত’ দেখানো হয়েছে এবং তাঁর নাম ‘ডিলিটেড’। এই খবর জানার পর থেকেই ভেঙে পড়েন বৃদ্ধা।
প্রচারের সময় বিধান উপাধ্যায়কে সামনে পেয়ে কাতর কণ্ঠে তিনি বলেন, “আমি তো মরে যাইনি বাবা! তাহলে আমার নাম কেটে দিল কেন ?” তাঁর এই আবেগঘন প্রশ্নে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় চারপাশ। বৃদ্ধার কথা শুনে সঙ্গে সঙ্গে আশ্বাস দেন প্রার্থী। দলীয় কর্মীদের নির্দেশ দেন, দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে যেন তাঁর নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা চলছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে কেউ বঞ্চিত হবেন না বলেও আশ্বাস দেন তিনি।
এই ঘটনা ভোটার তালিকা নিয়ে জটিলতার আর এক মানবিক দিক তুলে ধরল, যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে প্রশাসনিক ব্যবস্থার উপর।





