শীতলকুচি, ১ সেপ্টেম্বরঃ দূরে যেতে হল না। হাসপাতালের দীর্ঘ লাইনের ঝক্কিও নেই। বাড়ির কাছেই মিলল স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার সুযোগ। নগর সিংগীমারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এমনই উদ্যোগে উপকৃত হলেন এলাকার বহু বাসিন্দা। শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বিএসএফের যৌথ উদ্যোগে আয়োজিত বিনামূল্যের স্বাস্থ্য ও পরীক্ষা শিবিরকে ঘিরে সকাল থেকেই ছিল উৎসাহ।
শিবির শুরু হওয়ার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের ভিড় জমতে থাকে। কেউ এসেছিলেন শারীরিক অসুস্থতার পরামর্শ নিতে, কেউ আবার সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করাতে। প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের কাছে হাতের কাছে এমন পরিষেবা পাওয়ার সুযোগই ছিল এই শিবিরের অন্যতম আকর্ষণ। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আসা বাসিন্দাদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা পরিষেবা দেওয়া হয় বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।
স্থানীয় বিজেপি নেতৃত্ব কেশব হাজরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ। বাড়ির কাছেই বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাওয়ায় এলাকার মানুষ উপকৃত হচ্ছেন বলেও জানান তিনি।
শীতলকুচির বিএমওএইচ রুপম রায় জানান, বিভিন্ন এলাকায় নিয়মিত ব্যবধানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এ দিন নগর সিংগীমারী এলাকায় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে আগামী দিনেও এমন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে।
গ্রামবাংলায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে অন্যতম বড় সমস্যা দূরত্ব। সেই দূরত্বই যদি কোনও দিন কয়েক ঘণ্টার জন্য মুছে যায়, তা হলে চিকিৎসা শুধু পরিষেবা থাকে না হয়ে ওঠে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া এক মানবিক উদ্যোগ। নগর সিংগীমারীর শিবির যেন সেই বার্তাই দিয়ে গেল।





