শিলিগুড়ি, ১৯ মার্চঃ ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রকে ঘিরে এবার তৈরি হয়েছে এক অভিনব রাজনৈতিক পরিস্থিতি, যেখানে আবেগ আর প্রতিদ্বন্দ্বিতা পাশাপাশি চলছে। একসময়ের রাজনৈতিক গুরু ও শিষ্য এবার নির্বাচনী ময়দানে মুখোমুখি। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী বর্তমান বিধায়ক শিখা চ্যাটার্জি, যিনি ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতা গৌতম দেব-কে পরাজিত করে জয়ী হয়েছিলেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে কাউন্সিলর রঞ্জন শীল শর্মা-কে।
রাজনৈতিক মহলের মতে, রঞ্জন শীল শর্মার রাজনৈতিক জীবনের শুরুই হয়েছিল শিখা চ্যাটার্জির হাত ধরে। সেই সূত্রেই তাঁদের সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক নয়, ব্যক্তিগতভাবেও গভীর। তবে ২০২১ সালের আগে দলবদলের রাজনীতিতে পথ আলাদা হয়ে যায় শিখা চ্যাটার্জি যোগ দেন বিজেপিতে, আর রঞ্জন থেকে যান তৃণমূল কংগ্রেসে।
প্রার্থী তালিকা ঘোষণার পর বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি-তে এসে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল রাজনৈতিক মহল। রঞ্জন শীল শর্মা প্রকাশ্যেই শিখা চ্যাটার্জিকে ‘মা’ বলে সম্বোধন করে প্রণাম করেন এবং তাঁর আশীর্বাদ নিয়েই নির্বাচনী প্রচার শুরু করেন। এই দৃশ্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর চর্চা।
শিখা চ্যাটার্জিও ‘ছেলে’ রঞ্জনকে আশীর্বাদ জানিয়ে বলেন, তিনি যেন মানুষের জন্য কাজ করেন এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখেন। অন্যদিকে রঞ্জনের কথায়, “রাজনীতি নিজের জায়গায়, কিন্তু ব্যক্তিগত সম্পর্কে তিনি আমার মা-ই থাকবেন।”
ডাবগ্রাম-ফুলবাড়ী কেন্দ্রের এই মা-ছেলের লড়াই এখন রাজনৈতিক মহলে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভোটের লড়াই যত এগোবে, ততই বাড়বে উত্তাপ। তবে শেষ পর্যন্ত এই আবেগঘন দ্বন্দ্বে জয় কার ঝুলিতে যায়, সেদিকেই এখন তাকিয়ে সকলেই।





