খবরিয়া ২৪ ডেস্ক, ১ ফেব্রুয়ারিঃ রাজ্যে ফের এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন) আতঙ্কে মৃত্যুর অভিযোগ। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। পরিবারের দাবি ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, এসআইআর নিয়ে দীর্ঘদিনের আতঙ্কই তাঁর মৃত্যুর কারণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকার ঘুটিয়ারি শরীফ সংলগ্ন মাখালতলা এলাকায়।
মৃত বৃদ্ধার নাম গৌরী বেরা (৬৫)। জানা গিয়েছে, তিনি আগে কোচবিহারের বাসিন্দা ছিলেন। গত প্রায় ১০ বছর ধরে তিনি ঘুটিয়ারি শরীফের মাখালতলা এলাকায় আলি লস্কর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়াবাসে থাকতেন। প্রথমে তাঁর সঙ্গে ছেলে থাকলেও পরে তিনি চলে যান। ফলে দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না গৌরী বেরার।
এই সময়ের মধ্যেই তিনি কোচবিহার থেকে নিজের আধার কার্ড ও ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করেন এবং ঘুটিয়ারি শরীফ এলাকাতেই ভোট দেন। তবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতেই তিনি চরম আতঙ্কে ভুগতে শুরু করেন বলে দাবি স্থানীয়দের। বারবার তিনি বলতেন, পুরনো ভোটার তালিকায় তাঁর নাম নেই, ফলে পুলিশ এসে তাঁকে ধরে নিয়ে যেতে পারে।
বাড়ির মালিক ও প্রতিবেশীরা তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে পুরনো ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে এবং আতঙ্কের কোনও কারণ নেই। কিন্তু সেই আশ্বাস মানতে রাজি হননি গৌরী বেরা। স্থানীয়দের দাবি, এসআইআর আতঙ্ক তাঁকে এতটাই গ্রাস করেছিল যে গত কয়েকদিন ধরে তাঁর আচরণ অস্বাভাবিক হয়ে উঠেছিল এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
শনিবার রাতে ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। বাড়ির মালিক আলি লস্করের দাবি, অতিরিক্ত মানসিক চাপ ও আতঙ্ক থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধার। পরে তাঁর দেহ স্থানীয় শ্মশানে দাহ করা হয়।
নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন লস্কর বলেন, “এসআইআর আতঙ্কে ওই মহিলার মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন ধরেই তাঁর আচরণ স্বাভাবিক ছিল না।” পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।





