কলকাতা, ২৩ এপ্রিলঃ প্রথম দফার ভোটগ্রহণের দিন রাজ্যের একাধিক জেলায় দুঃখজনক ঘটনা সামনে এল। ভোট দিতে গিয়ে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মালদহ এবং বীরভূমে মোট চারজন ভোটারের মৃত্যু হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রবল গরম ও শারীরিক অসুস্থতার কারণেই এই মৃত্যু হয়েছে।
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে নৃপেন্দ্র দাস (৫৮) নামে এক ব্যক্তি ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। একইভাবে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ইসরাতন বিবি নামে এক মহিলা ভোট দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, মালদহের মালতিপুরে প্রমিলা বাগদি ভোট দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বুথের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। বীরভূমের সিউড়িতেও একই ছবি অসীম রায় নামে এক বৃদ্ধ ভোট দিতে যাওয়ার পথে স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণ হারান।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় ভোটগ্রহণ চলছে। উত্তরবঙ্গের পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী। আবহাওয়া দপ্তর আগেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল।
সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে দীর্ঘ লাইন দেখা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা বাড়ায় ভোটারদের অসুবিধা আরও বৃদ্ধি পায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১১টা পর্যন্ত ভালো হারে ভোটগ্রহণ হয়েছে।
তবে এই মৃত্যুর ঘটনাগুলি ভোটের দিনে নিরাপত্তা ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে, প্রবল গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে শারীরিক সমস্যা বাড়ছে, যার জেরেই এই ধরনের ঘটনা ঘটছে।





